শেষ পর্যন্ত পুণের পেডকর গ্রাউন্ডসে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। তাঁর দাবি, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর দর্শকদের সামনেই গাড়ি থামিয়ে দেওয়া হয়। সঙ্গে নিজের দল না থাকায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে রাজি হননি তিনি। নিরাপত্তাহীনতার কথা জানালেও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন বলে অভিযোগ করেন এই তারকা।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, জোর করে গাড়িতে বসিয়ে আমাকে মাঠে নামিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনে গাড়ি থামানো হয়। আমি চিৎকার করে বলছিলাম, আমার সঙ্গে দল নেই, তাই আমি ভেতরে যেতে পারব না। আমি নিরাপদ বোধ করছি না। অথচ এই ছেলেরা হাসছিল, আমার কথা শুনছিল না।
আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কী বোকা ব্যবস্থাপনা! এরা একেবারে চোর। সবার পারিশ্রমিক নিয়ে নিয়েছে, নিজেদের কাজে লাগিয়েছে।
ঘটনাটিকে অপহরণের মতো অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা দাবি করেন, তার সঙ্গে থাকা ব্যক্তিদের চড় মারার পর গাড়িটি থামে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার ভাষায়, ‘আমাকে যেন অপহরণই করা হয়েছিল। আমি যখন ওদের চড় মারি, তখন ওরা গাড়ি থামায়। ওদের সবার বিরুদ্ধে মামলা করব, কাউকে ছাড়ব না।
নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের পাশাপাশি পারিশ্রমিক পরিশোধ না করা এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহারের বিষয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আকাঙ্ক্ষা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য জানা যায়নি।